29 C
Dhaka
Tuesday, August 25, 2026
Homeবাণিজ্যবাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির

Date:

Related stories

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ, যা বললেন তানজিন তিশা

শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন...

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক...

দলত্যাগী নেতাদের ফেরাতে পারছে না এনসিপি

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির...

আর্সেনালের কাছে হারে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কেইন

চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে অজেয় থাকা বায়ার্ন মিউনিখের জয়রথ...

পোস্টাল ব্যালটে গণভোটও দেবেন প্রবাসীরা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করার...

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য বাংলাদেশ যে অনুরোধ জানিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)।

বাংলাদেশ সরকার গত ১৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সিডিপির কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ জানায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে তার ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে সরকারের প্রচেষ্টার পর সিডিপির ইতিবাচক সুপারিশের ঘোষণা এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডিপির চেয়ারম্যান অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে অবহিত করেছেন, কমিটির মূল্যায়ন অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধি করা যথাযথ হবে। তবে বাংলাদেশকে এই সময়ে তার বিদ্যমান কাঠামোগত দুর্বলতাগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে।

সিডিপি তাদের মূল্যায়নে উল্লেখ করেছে, এলডিসি উত্তরণে তিনটি সূচকের প্রতিটিতেই নির্ধারিত সীমা উল্লেখযোগ্য ব্যবধানে অতিক্রম করেছে বাংলাদেশ। নিকট ও মধ্যমেয়াদে এ অবস্থান থেকে পিছিয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত কম। তবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট, বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ দেশের উত্তরণ প্রস্তুতি বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে।

কমিটি বাংলাদেশ প্রণীত ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস)’ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে। তারা মনে করে, প্রস্তুতি পর্বের সময়কাল বাড়লে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব আরও ভালোভাবে মূল্যায়ন, প্রয়োজনীয় অগ্রাধিকার নির্ধারণ ও এলডিসি উত্তরণ-পরবর্তী বাজার সুবিধা ও আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

তারা একইসঙ্গে বাংলাদেশের জন্য প্রস্তুতি পর্ব ও উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। এর মধ্যে রয়েছে সহজ শর্তে অর্থায়ন, এলডিসি-সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থার যথাযথ সম্প্রসারণ, কারিগরি সহায়তা ও বাণিজ্য আলোচনার সক্ষমতা বৃদ্ধি।

সিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কারের গুরুত্ব তুলে ধরে আর্থিকখাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, কর আহরণ বৃদ্ধি, অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অর্থনীতির বহুমুখীকরণ ও বেসরকারিখাতকে উত্তরণের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব দিয়েছে।

কমিটির মতে, প্রস্তুতি পর্বের সময়সীমা বৃদ্ধি করা হলেও সেটাকে সংস্কার কার্যক্রমে দেরি করার সুযোগ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার সিডিপির এই ইতিবাচক মূল্যায়ন ও সুপারিশকে স্বাগত জানিয়েছে।

Latest stories