28.4 C
Dhaka
Sunday, October 18, 2026
Homeআন্তর্জাতিকট্রাম্প অটল শুল্কে, গ্রিনল্যান্ডের পাশে ইউরোপীয় মিত্ররা

ট্রাম্প অটল শুল্কে, গ্রিনল্যান্ডের পাশে ইউরোপীয় মিত্ররা

Date:

Related stories

পরস্পরকে ‘আঘাত’ না করার আহ্বান জামায়াত আমিরের

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর...

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট-রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের চূড়ান্ত সূচি...

ট্রাইব্যুনালে বিজিবির ২ সাবেক কর্মকর্তা

জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের...

গ্রামীণ নারীরাই গ্রামের প্রাণসঞ্জিবনী ‘মাইটোকন্ড্রিয়া’

মাছ, পাখি, ধান, শামুক, মৌমাছি কিংবা মানুষ—আমাদের শরীর লাখো...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করবে, তাদের ওপর তিনি  শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়ন করবেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

এদিকে ইউরোপীয় মিত্ররা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে একযোগে দাঁড়িয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে এই স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চলের মালিকানা পাবেন না।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার পুনর্ব্যক্ত করে বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ শুধুমাত্র ‘গ্রিনল্যান্ডের মানুষ এবং ডেনমার্কের জনগণেরই’ সিদ্ধান্ত নেওয়ার বিষয়।

সোমবারে ট্রাম্প বলেননি যে তিনি গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে বলপ্রয়োগ করবেন কি না, তবে নিশ্চিত করেছেন যে যুক্তরাজ্য ও সাতটি ন্যাটো দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।

গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে বলপ্রয়োগ করবেন কি না, এনবিসি নিউজের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তার কোনো মন্তব্য নেই।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা সব পণ্যের ওপর তিনি ১০ শতাংশ শুল্ক ধার্য করবেন, যা ১ জুন থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়বে এবং এটি তখনই বন্ধ হবে যখন গ্রিনল্যান্ড কেনার চুক্তি স্বাক্ষরিত হবে।

ট্রাম্প বলেছেন যে একই নিয়ম প্রযোজ্য হবে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের ওপরও। এসব দেশ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্য।

শুল্ক আরোপের হুমকি তিনি বাস্তবায়ন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, ‘আমি করব, শতভাগ।’

ট্রাম্প আরও বলেন, ‘ইউরোপকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে মনোযোগ দেওয়া উচিত, কারণ সৎভাবে বলতে গেলে, এরই মাধ্যমে তারা কী পেয়েছে দেখেছেন…এটিই ইউরোপের মনোযোগের মূল বিষয় হওয়া উচিত, গ্রিনল্যান্ড নয়।’

ডেনমার্ক সতর্ক করে বলেছে যে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক পদক্ষেপ ন্যাটোর ইতি ঘটাতে পারে। সম্প্রতি, গ্রিনল্যান্ড ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সমর্থন পেয়েছে। এমনকি কিছু দেশ গত সপ্তাহে প্রতীকীভাবে গ্রিনল্যান্ডে সামরিক দল পাঠিয়েছে।

সেনা মোতায়েনের পর ট্রাম্প ঘোষণা দেন, এই আট ন্যাটো মিত্র দেশের ওপর শুল্ক আরোপ করা হবে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন বলেন, ট্রাম্পকে ইউরোপের দেখাতে হবে যে শুল্কের হুমকি ‘সঠিক পথ নয়’।

তিনি স্কাই নিউজকে বলেন, ‘আমাদের এমন সীমারেখা আছে যা অতিক্রম করা যায় না। আপনি হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিকানা পাবেন না। এই পরিস্থিতি উসকে দেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।’

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুত্তে বলেছেন, জোটটি আর্কটিক অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

ইউরোপীয় ইউনিয়ন আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠক ডেকেছে। সেখানে শীর্ষ নেতারা ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সর্বশেষ হুমকি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করবে।
 
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, আমাদের দ্বন্দ্বে জড়ানোর কোনো আগ্রহ নেই, তবে আমরা আমাদের অবস্থান রক্ষা করব।

তিনি বলেন, কিন্তু বাণিজ্য হুমকি এই সমস্যা সমাধানের উপায় নয়। সার্বভৌমত্ব আর বাণিজ্যের বিষয় এক নয়।

রোববার মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জন্য নরওয়েকে দায়ী করেছেন।

জবাবে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোয়ে ব্যাখ্যা করেছেন যে নোবেল শান্তি পুরস্কার কোনো সরকার দেয় না। এটি একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে। গত অক্টোবর এই পুরস্কার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে দেওয়া হয়েছিল।

স্টোয়ে আরও বলেন, ‘গ্রিনল্যান্ড সম্পর্কে নরওয়ের অবস্থান স্পষ্ট। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ। এই বিষয়ে নরওয়ে ডেনমার্কের পক্ষে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে।’

এদিকে, নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) সোমবার ঘোষণা দিয়েছে একাধিক উড়োজাহাজ গ্রিনল্যান্ডের পিতুফিক স্পেস বেসে পাঠানো হচ্ছে।
 
মার্কিন-কানাডিয়ান যৌথ এই সামরিক সুরক্ষা সংস্থা বলেছে, এটি নিয়মিত কার্যক্রম। এটি ডেনমার্কের সঙ্গে সমন্বিতভাবে করা হয়েছে এবং গ্রিনল্যান্ডের সরকারকেও জানানো হয়েছে।

নোরাডের এমন কার্যক্রম ২০২২, ২০২৩ এবং গত বছর ওই বেসে পরিচালিত হয়েছিল।

Latest stories